
কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : টলিউডে ফের দুঃসংবাদ। না-ফেরার দেশে পাড়ি দিলেন ছোট পর্দার অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। সূত্রের খবর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে অভিনেতার। বয়স হয়েছিল মাত্র ৩৩। মঙ্গলবার প্রণবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা।
ছোটপর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন প্রণব। ‘তেঁতুল পাতা’, ‘ভগবান দাস’ সহ আরও বেশ কিছু প্রজেক্টে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজী’-তেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের
তবে প্রণবের ঘনিষ্ঠ বৃত্তের দাবি, অনেক দিন ধরেই কাজ পাচ্ছিলেন না অভিনেতা। কাজের সুযোগ কমে গিয়েছিল। কাজের জন্য ইন্ডাস্ট্রির অনেককেই বলেছিলেন। নিয়মিত কাজ না পাওয়ায় মানসিক চাপেও ভুগছিলেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
প্রণবের মৃত্যুর খবরে টলিউডে শোকের আবহ। অলকানন্দা গুহ, দেবনাথ চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির অনেকই সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এত অল্প বয়সে প্রণবের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
হিন্দুস্থান সমাচার / সোনালি