
বরেলি, ৩১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বেরেলিতে মাদকবিরোধী টাস্ক ফোর্স (এএনটিএফ)-এর অভিযানে বড় সাফল্য মিলেছে। অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত বাবা ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১.৭৫০ কিলোগ্রাম মাদক (হেরোইন), প্রায় ৯৫০ গ্রাম মাদক (স্ম্যাক) তৈরির উপকরণ, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৭ হাজার ৫২০ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৫০ কোটি টাকা। ভামোরা থানার অন্তর্গত এলাকার দেবচারা-দাতাগঞ্জ সড়কের তখতপুর মোড়ের কাছে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিন প্রশাসন সূত্রে জানা গেছে , গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চক্র মাদক সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজন হলেন বদাউন জেলার বিনাওয়ার থানা এলাকার ভগবানপুর গ্রামের বাসিন্দা পরমানন্দ ওরফে পাপ্পু এবং তাঁর দুই ছেলে যশবীর ও রবীন্দ্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত পরমানন্দ জানিয়েছে , তার বাবার নামে আগে আফিম চাষের লাইসেন্স ছিল। সেই সূত্রেই সে কাঁচা আফিম থেকে আফিম এবং কাঁচা আফিম থেকে স্ম্যাক তৈরির কৌশল শিখে নেয়। ২০১২ সাল থেকে সে নিয়মিতভাবে স্ম্যাক তৈরি ও বিক্রি করত এবং দিল্লি-সহ একাধিক জেলায় এই মাদক সরবরাহ করত।
পুলিশের এও সূত্রে জানা যায় , পরমানন্দ এর আগেও মাদক পাচারের অভিযোগে তিনবার জেলে গিয়েছে—দু’বার দিল্লিতে এবং একবার বরেলিতে। তার দুই ছেলে যশবীর ও রবীন্দ্রও এই অবৈধ ব্যবসায় তাকে সহায়তা করত। এবার এই তিন অভিযুক্ত হেরোইন ও স্ম্যাক সরবরাহের পরিকল্পনা করছিল, কিন্তু পুলিশ তা করার আগেই তাদের ধরে ফেলে।
ঘটনার পর ভামোরা থানায় একটি মামলা রুজু হয়েছে। পাশাপাশি ধৃতদের নেটওয়ার্ক এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য পাচারকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন এএনটিএফের বরেলি ইউনিটের ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ যাদব জানান, ধৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, যার ভিত্তিতে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, এই মাদকচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জেলার বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
তিনি স্পষ্টভাবে বলেন, কোনওভাবেই এই জেলায় মাদকের ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস