
মুম্বই, ৩১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার প্রভাব এবার ভারতীয় চলচ্চিত্র শিল্পেও পড়তে শুরু করেছে। সেই কারণেই অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য হলেন নির্মাতারা। নিরাপত্তাজনিত কারণে দুবাইয়ের বদলে মুম্বইতেই শুটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গিয়েছে, ছবির একটি বড় গানের দৃশ্য দুবাইয়ে শুট করার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা মুম্বইতে সরিয়ে আনা হয়েছে। এই গানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, রবীনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, লারা দত্ত, দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ পুরো তারকা দল উপস্থিত থাকবেন। সবার সময় একসঙ্গে মেলানো কঠিন হওয়ায় শুটিং পিছিয়ে দেওয়াও সম্ভব হয়নি।তাই বিকল্প হিসেবে মুম্বইতেই বড়সড় সেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ আইল্যান্ড, গোল্ডেন টোবাকো স্টুডিও এবং গোরেগাঁও ফিল্ম সিটিতে দুবাইয়ের আবহ তৈরি করা হবে। ছবির পরিচালক আহমেদ খানও বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ১৫ এপ্রিল থেকে এই গানের শুটিং শুরু হওয়ার কথা। বহু তারকা নিয়ে তৈরি এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস