
কলকাতা, ৩১ মার্চ (হি.স.): ভারতের ভোক্তা ঋণ বা কনজিউমার ক্রেডিট বাজারে এক উল্লেখযোগ্য ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ট্রান্সইউনিয়ন সিবিলের সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে কনজিউমার ক্রেডিট মার্কেট ইন্ডিকেটর (সিএমআই) বার্ষিক ও ত্রৈমাসিক উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। ট্রান্সইউনিয়ন সিবিলের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভবেশ জৈন এই সংক্রান্ত একটি ২৬ পাতার বিস্তারিত রিপোর্ট পেশ করেছেন।
তিনি জানিয়েছেন, এই অগ্রগতির পেছনে প্রধান চালিকাশক্তি হলো সোনার দামের ক্রমাগত ঊর্ধ্বগতি, যার ফলে গোল্ড লোন বা স্বর্ণ ঋণের ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। উৎসব-পরবর্তী সময়ে ঋণ সরবরাহ স্বাভাবিক ছন্দে থাকলেও বাজারের সামগ্রিক স্বাস্থ্য আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
ট্রান্সইউনিয়ন সিবিলের মার্চ ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, সিএমআই সূচক বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০২-এ, যা এক বছর আগে ছিল ৯৭ এবং গত প্রান্তিকে ছিল ১০০। টানা তিনটি প্রান্তিক ধরে এই উন্নতির ধারা বজায় রয়েছে। মূলত চাহিদা, সরবরাহ, গ্রাহক আচরণ এবং ঋণ পরিশোধ—এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করেই এই সূচকটি নির্ধারিত হয়। রিপোর্টে দেখা গিয়েছে যে, অ-নগর ও আধা-শহুরে এলাকাগুলিতে ঋণের চাহিদা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট ঋণগ্রহীতাদের মধ্যে এই অঞ্চলগুলির অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ৫৪ শতাংশ। পাশাপাশি নতুন ও প্রথমবারের ঋণগ্রহীতাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যক্তিগত ঋণ এবং কনজিউমার ডিউরেবল ঋণের চাহিদা দ্রুত গতিতে বাড়ছে।
ঋণ সরবরাহের ক্ষেত্রে গোল্ড লোন বা স্বর্ণ ঋণ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমীক্ষা বলছে, খুচরো ঋণের বাজারে বর্তমানে পরিমাণ ও মূল্যের নিরিখে গোল্ড লোন শীর্ষস্থানে রয়েছে এবং গড় ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৯ লক্ষ টাকা। অন্যদিকে, ঋণ পরিশোধের ক্ষেত্রেও ভারতীয় গ্রাহকদের মধ্যে সচেতনতা বেড়েছে। ৯০ দিনের বেশি বকেয়া ঋণের হার অর্থাৎ খেলাপি ঋণের প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তবে লোন এগেইনস্ট প্রপার্টি বা সম্পত্তির বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে কিছুটা চাপের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সামগ্রিকভাবে, তরুণ প্রজন্ম এবং গ্রামীণ ভারতের সক্রিয় অংশগ্রহণের ফলে দেশের ঋণ বাজার আরও অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল হয়ে উঠছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত