
উত্তর ২৪ পরগনা, ৪ মার্চ (হি.স.): মঙ্গলবার দোলের দিনে রং খেলার পরে স্নান করতে গঙ্গায় নেমেছিলেন। আচমকাই তলিয়ে যান চার তরুণ-তরুণী। মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ডুবুরি। কিন্তু বুধবার হোলির দুপুরেও কোনও হদিশ মেলেনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে দোল খেলতে কলকাতা থেকে ভাটপাড়ায় এসেছিলেন দীপশিখা দাস রজক। বিকেলের দিকে সৈকত নন্দী এবং সৌরভ নন্দীর সঙ্গে ভাটপাড়ার একটি ঘাটে নামেন তিনি। আচমকাই একটা বড় ঢেউ ওঠে। সেটাই সামলাতে পারেননি। অভিযোগ, তলিয়ে যান তিনজনেই। গঙ্গার ঘাটে বসে দৃশ্যটা দেখেন ভাটপাড়ার বাসিন্দা সৌরভ দাস। দ্রুত তাঁদের বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন সৌরভ। কিন্তু গঙ্গায় তিনিও তলিয়ে যান বলে অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ