

৫ মার্চ ধেমাজি, চিচিবরগাঁও এবং জোনাই বিধানসভা এলাকায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : অসমে চলমান বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’য় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়েছে। এই যাত্রা বিজেপি কার্যকর্তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। জনতার আশীর্বাদ গ্রহণের লক্ষ্যে আগামীকাল ৫ মার্চ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা অংশগ্রহণ করবেন ধেমাজি, চিচিবরগাঁও এবং জোনাই বিধানসভা এলাকায় পরিচালিত ‘জন আশীর্বাদ যাত্রা’য়।
২৮ ফেব্রুয়ারি থেকে চলমান ‘জন আশীর্বাদ যাত্রা’য় প্রবীণ, যুবক-যুবতী সহ সমাজের সর্বস্তরের মানুষের অভূতপূর্ব উৎসাহ ও সমর্থনকে নিজের রাজনৈতিক জীবনের এক অকল্পনীয় ঘটনা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
আগামীকাল সুবনশিরি মহাবিদ্যালয়ের খেলার মাঠ থেকে বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু হয়ে মইনাপাড়া গ্রামের মধ্য দিয়ে চিচিবরগাঁও অতিক্রম করে গোগামুখ শহর, চিমেনচাপরি প্রভৃতি অঞ্চল স্পর্শ করে জোনাইয়ে গিয়ে শেষ হবে। অসম সরকারের শিক্ষামন্ত্রী তথা ধেমাজির বিধায়ক ডা. রণোজ পেগু এবং ২০২৬ সালের নির্বাচনের পরিচালনা কমিটির আহ্বায়ক ও লখিমপুরের সাংসদ প্রদান বরুয়া ধেমাজিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
আজ গুয়াহাটিতে অবস্থিত প্ৰদেশ বিজেপির সদর কার্যালয় অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের মুখপাত্র মিতা নাথ বরা জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক অসমের রূপকার হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা যে উল্লেখযোগ্য উন্নয়নের মাইলফলক স্থাপন করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই হাজার হাজার মানুষ ‘জন আশীর্বাদ যাত্রা’য় অংশগ্রহণ করছেন। এই যাত্রায় অসম প্রদেশ বিজেপির সভাপতি ও সাংসদ দিলীপ শইকিয়ার অংশগ্রহণ তৃণমূল স্তরের কর্মীদের আরও উৎসাহিত করেছে।
ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, তিনসুকিয়া এবং নলবাড়ি জেলার মানুষ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল উৎসাহে প্রস্তুত রয়েছেন। এই উচ্ছ্বাস কেবল শহরাঞ্চলেই নয়, গ্রামীণ এলাকায়ও লক্ষ্য করা যাচ্ছে।
মিতা নাথ বরা আরও বলেন, বিজেপি সরকারের আমলে এই সব জেলায় পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ভূমি সুরক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ব্যাপক উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাজার হাজার বিঘা দখলীকৃত জমি উদ্ধার করে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে।
চলমান ‘জন আশীর্বাদ যাত্রা’য় মানুষের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসম প্ৰদেশ ভারতীয় জনতা পার্টি। মিতা নাথ বরা আবারো বলেন, ‘জন আশীর্বাদ যাত্রা’ শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর অসম গড়ার লক্ষ্যে মানুষের বিশ্বাস, সদিচ্ছা ও সামষ্টিক আকাঙ্ক্ষার জীবন্ত সাক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে৷
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস