
বামনগোলা, ৬ মার্চ (হি. স.):- মালদার বামনগোলা ব্লকের আমতলি ব্রিজ এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে লাগানো দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে শুক্রবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।বিজেপির উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার অভিযোগ করে বলেন, বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে এলাকায় যে দলীয় পতাকা লাগানো হয়েছিল, তা তৃণমূলের কর্মী-সমর্থকেরাই খুলে ফেলে ছুঁড়ে দিয়েছে। তাঁর দাবি, বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থন এবং পরিবর্তন যাত্রার সাফল্য দেখে তৃণমূল ভয় পেয়ে এমন কাজ করেছে। তিনি আরও বলেন, এই ধরনের কাজ করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না এবং আগামী নির্বাচনে রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসবে।তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়