
হাফলং (অসম), ৬ মাৰ্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এক ঝটিকা সফরে ডিমা হাসাও জেলাসদর হাফলঙে এসে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন।
আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আন্দ্রা ভামসিকে সঙ্গে নিয়ে হাফলং আবর্ত ভবনে এসে কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার স্থানীয় সংস্থা এবং সংগঠনগুলির সাথে মতবিনিময় করেন। সে সময় তিনি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য পরামর্শ এবং প্রতিক্রিয়া জানতে চান।
বৈঠকে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, জেমি কাউন্সিল এবং অন্যান্য বিভিন্ন দল-সংগঠনের নেতা ও প্রতিনিধিরা অংশগ্ৰহণ করেছেন। হাফলং আবর্ত ভবনের কনফারেন্স হল-এ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন বেশ কয়েকটি বিভাগের সঙ্গে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় কুমার ডিমা হাসাও জেলার জনগণের জন্য বিভাগীয় কার্যকারিতা জোরদার এবং পরিষেবা উন্নত করার জন্য দৃঢ় পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বৈঠকে পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা হাফলং সরকারি হাসপাতালের বিভিন্ন সমস্যা কর্মী ঘাটতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করে বলেন, পদ অনুমোদন না করায় পার্বত্য পরিষদ নতুন পদের বিজ্ঞাপন দিতে পারছে না। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্ত শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব রেবেকা চাংসন কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করেন, সম্প্রতি শিক্ষক পদে ১০০ জনেরও বেশি নিযুক্তি প্রদান করা হয়েছে। তাছাড়া জেলায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আরও কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবগত করেছেন যুগ্মসচিব রেবেকা চাংসন।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী পিএমশ্রী হাফলং সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাছাড়া হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্স এবং হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন মন্ত্রী সঞ্জয় কুমার। এছাড়া মন্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, জল জীবন মিশন (জেজেএম) প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (পিএমএওয়াই-জি) সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিদর্শন করতে সাম্পারিডিসা গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস প্রদান করে বলেন, পাহাড়ি জেলায় উদ্ভূত বিভিন্ন সমস্যার বিষয়ে যথাযথ কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে এবং ডিমা হাসাও জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব