বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মহাসমাপ্তি ব্রিগেডে, ১৪ মার্চ কলকাতায় মেগা র্যালি করবেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা, ৬ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগামী ১৪ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ম
বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মহাসমাপ্তি ব্রিগেডে, ১৪ মার্চ কলকাতায় মেগা র্যালি করবেন প্রধানমন্ত্রী মোদী


কলকাতা, ৬ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগামী ১৪ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরটি আগে ১৫ মার্চ হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও সূচিগত কারণে তা একদিন এগিয়ে আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৩ মার্চ রাতেই কলকাতায় পৌঁছাবেন এবং ১৪ মার্চ ব্রিগেডের জনসভা শেষে দিল্লি ফিরে যাবেন।

প্রধানমন্ত্রীর এই বিশাল সমাবেশটি মূলত বিজেপির চলমান ‘পরিবর্তন যাত্রা’-র সমাপনী অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচিতে ইতিপূর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার মতো শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। ১০ মার্চের মধ্যে রাজ্যের ৯টি রুটের এই যাত্রা কলকাতায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

ব্রিগেড সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং মঞ্চ নির্মাণের কাজ শুরুর আগে কাল, শনিবার সকাল ১০টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘ভূমি পূজন’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রস্তুতির তদারকি করবেন।

অন্যদিকে, নির্বাচনের রণকৌশল সাজাতেও তৎপর রাজ্য বিজেপি। জানা গিয়েছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। প্রতিটি আসনের জন্য অন্তত দু’জন সম্ভাব্য প্রার্থীর একটি প্রাথমিক তালিকা তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ১৪ মার্চের এই ব্রিগেড সমাবেশ থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী প্রচারের চূড়ান্ত সুর বেঁধে দেবেন প্রধানমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande