
যশপুর, ৬ মার্চ (হি. স.) : ছত্তিশগড়ের যশপুর জেলার গোদা আম্বার গ্রামের কাছে বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন, এই দুর্ঘটনায় বহু মানুষের অকালমৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। মৃতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসায় কোনওরকম ত্রুটি না থাকে এবং তাদের সবরকম প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত , ছত্তিশগড়ের যশপুর জেলায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারদেগা থেকে কুঙ্কুরিগামী বাসটিতে ২৪ জনের বেশি যাত্রী ছিলেন। কারদেগা ফাঁড়ি এলাকার গোদা আম্বার গ্রামের কাছে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে কুনকুরি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য