রাজ্যপাল বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব এসইউসিআই (কমিউনিস্ট), নয়া রাজ্যপালের ভূমিকা নিয়েও সংশয়
​কলকাতা, ৬ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে আকস্মিক রদবদল নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল এসইউসিআই (কম্যুনিস্ট)। শুক্রবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে দাবি করেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগের নেপথ্যে কেন্দ্রে
রাজ্যপাল বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব এসইউসিআই (কমিউনিস্ট), নয়া রাজ্যপালের ভূমিকা নিয়েও সংশয়


​কলকাতা, ৬ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে আকস্মিক রদবদল নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল এসইউসিআই (কম্যুনিস্ট)। শুক্রবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে দাবি করেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগের নেপথ্যে কেন্দ্রের চাপই মূল কারণ হিসেবে কাজ করেছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরেই রাজভবনকে ব্যবহার করে বিরোধী দল শাসিত রাজ্যগুলির ওপর অগণতান্ত্রিক হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে।

​বিবৃতিতে চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এক সময় কংগ্রেস আমলে শুরু হওয়া এই প্রবণতা বর্তমান বিজেপি সরকারের আমলে আরও নগ্ন রূপ ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে জগদীপ ধনখড় এবং ড. সি ভি আনন্দ বোসের ভূমিকা তার বড় উদাহরণ বলে তিনি দাবি করেন। একই সঙ্গে এ রাজ্যে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত আর এন রবির অতীত ভূমিকারও কড়া সমালোচনা করেছেন তিনি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন আর এন রবির কার্যক্রম ঘিরেও এসইউসিআই (কম্যুনিস্ট)-এর রাজ্য সম্পাদক তাঁর সংশয় প্রকাশ করেন।

​এই রাজনৈতিক প্রেক্ষাপটে চণ্ডীদাস ভট্টাচার্যের অভিমত, রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন তীব্র হচ্ছে এবং বিধানসভা নির্বাচন ক্রমশ ঘনিয়ে আসছে, ঠিক সেই সন্ধিক্ষণে রাজ্যপাল বদলের এই সিদ্ধান্ত কেন্দ্রের তরফে আরও বৃহত্তর অগণতান্ত্রিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। তিনি স্পষ্ট জানান, রাজ্যের মানুষ যেমন তৃণমূল সরকারের নীতির বিরুদ্ধে লড়ছেন, তেমনই কেন্দ্রের এই হস্তক্ষেপমূলক ভূমিকার বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদের পথে নামছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande