
দাতিয়া , ৬ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় স্ত্রীর পরকীয়ার সন্দেহে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সিভিল লাইনস থানা এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনার সময় দম্পতির দুই সন্তান বাড়িতেই ছিল।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আশা আদিবাসী। তিনি সেওন্ধা রোড এলাকার একটি আদিবাসী শিবিরে স্বামী কালিচরণ আদিবাসীর সঙ্গে থাকতেন। দু’জনেই দিনমজুরের কাজ করতেন। অভিযোগ, স্ত্রীর অবৈধ সম্পর্কের সন্দেহ থেকেই স্বামী এই হামলা চালায়।
পরিবারের ছেলের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মদ্যপানের পর বচসা শুরু হয়। একসময় উত্তেজিত হয়ে কালিচরণ লাঠি দিয়ে আশাকে মারধর করতে শুরু করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মা-বাবার ঝগড়া দেখে দুই সন্তান ভয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে রাত কাটায়। শুক্রবার সকালে বাড়ি ফিরে তারা মায়ের নিথর দেহ দেখতে পায়। সেই সময় অভিযুক্ত স্বামী হাতে লাঠি নিয়ে মৃতদেহের পাশেই বসে ছিল বলে অভিযোগ। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার সুনীল কুমার শিবহরে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, স্ত্রীর কথিত প্রেমিককেও খুন করার পরিকল্পনা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য