
লখনউ, ৬ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (জেওয়ার) প্রকল্প বড় সাফল্য পেল। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির পক্ষ থেকে বিমানবন্দরটিকে সিকিউরিটি ভেটিং ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত পর্যালোচনার পর এই অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের ফলে এখন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-র বিমান চলাচলের লাইসেন্স পাওয়ার পথ প্রায় পরিষ্কার হয়ে গেল। লাইসেন্স মিললেই এখান থেকে বাণিজ্যিক উড়ান চালু করা সম্ভব হবে।
যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির ( ইউইআইডিএ ) সিইও রাকেশ কুমার সিং জানান, বিমানবন্দরে বিমান চলাচল চালুর আগে নিরাপত্তা ব্যবস্থার কড়া পরীক্ষা করা বাধ্যতামূলক। সিসি ক্যামেরার নজরদারি, অ্যাক্সেস কন্ট্রোল, যাত্রী ও কার্গো পরীক্ষা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পরই এই ছাড়পত্র দেওয়া হয়েছে।
উত্তর প্রদেশে রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে পশ্চিম উত্তর প্রদেশ ও সমগ্র জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) বিনিয়োগ, পর্যটন ও বাণিজ্যে বড় গতি আসবে এবং বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য