
তমলুক, ৬ মার্চ (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙনের ইঙ্গিত মিলল। শুক্রবার তমলুকের নিমতৌড়িতে তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেত্রী মধুশ্রী দাস মাইতি।তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের উপস্থিতিতে তিনি বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতারা। এই যোগদানকে ঘিরে তৃণমূল শিবিরে উৎসাহ দেখা যায়।দলবদলের পর মধুশ্রী দাস মাইতি জানান, এলাকার উন্নয়ন না হওয়ায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এলাকায় প্রত্যাশিত উন্নয়ন করতে পারেননি। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় শামিল হতে চান।তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নের যে কাজ হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে নন্দীগ্রামে তাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে আরও অনেক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়