

দুর্গাপুর, ৬ মার্চ (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় চার বিজেপিকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পান্ডবেশ্বর স্টেশন রোডে পরিবর্তন যাত্রার কর্মসূচি উপলক্ষে সকালে পতাকা লাগানোর সময় একদল ব্যক্তি লাঠি ও রড নিয়ে হামলা চালায়। এতে রাজু গুপ্তা, সরমন বর্মা, তুষার মণ্ডলসহ চারজন বিজেপিকর্মী আহত হন। আহতদের দাবি, হামলার ঘটনায় তাঁদের হাত, পা ও মাথায় চোট লেগেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার আহত কর্মীদের দেখতে যান বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারী। তিনি ঘটনাটির নিন্দা করে প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেছেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন এবং পরিবর্তন যাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন সাড়া নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা