
কলকাতা, ৬ মার্চ (হি.স.): রাজ্যে ভোটার তালিকার ‘বিচারাধীন’ বা ‘এসআইআর’ জট কাটাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই সঙ্গে, কেবল ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়াই নয়, আইনি পথে সরাসরি চাপ সৃষ্টি করতে জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে কড়া চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক তাঁর চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে ডামাডোল চলছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
তৃণমূলের অভিযোগ, যেভাবে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ রাখা হয়েছে, তা আসলে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক চক্রান্ত। আর এই জট না কাটিয়ে নির্বাচনের পথে হাঁটা যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, চিঠিতে সেই বার্তাই দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত