
চাঁচল, মালদা , ৬ মার্চ (হি. স.) : যোগ্য নাগরিকদের নাম দ্রুত ভোটার তালিকায় করার দাবিতে মালদার চাঁচল ১ নম্বর ব্লক দফতরের সামনে বিক্ষোভ দেখাল বাম কর্মী ও সমর্থকেরা। শুক্রবার দুপুরে স্মারকলিপি জমা দিতে ব্লক দফতরে গেলেও বিডিওর দেখা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। পরে ব্লক দফতরের মূল ফটকের সামনে ধর্নায় বসেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিনের বিক্ষোভ ও ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিটুর জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারী এবং চাঁচল ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক হারুন আল রশিদ-সহ অন্যান্য বাম নেতৃত্ব ও কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় বহু যোগ্য নাগরিকের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অনেক বৈধ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। বারবার প্রশাসনের নজরে বিষয়টি আনা হলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে অভিযোগ তোলেন বাম নেতৃত্ব।তাঁদের দাবি, এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন এবং এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত সরকারি আধিকারিকরাই দায়ী। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা জানান, বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পরই ধর্না কর্মসূচি প্রত্যাহার করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়