
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে শুক্রবার বিক্ষোভ দেখান কয়েক জন পার্শ্বশিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, ‘‘রাজনীতি করবেন না।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনে গিয়ে এ সব করার কথাও বলেন তিনি। বিক্ষোভকারীদের আটক করে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে ওই ধর্না। সেখানে উপস্থিত হয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রীরা। পার্শ্বশিক্ষকরা গত কয়েক দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। এ বার সেই প্রতিবাদের জন্য তাঁরা বেছে নিলেন মমতার ধর্না মঞ্চকে। পুলিশ এসে তাঁদের আটক করে সরিয়ে নিয়ে যায়।
মঞ্চে বসে মমতা বলেন, ‘‘শান্ত হয়ে থাকতে পারলে থাকবেন। রাজনীতি করবেন না। বিজেপির কথায় এ সব করবেন না। এই জায়গা খোলামেলা বলে ভাববেন না, যা কিছু করা যাবে। প্রধানমন্ত্রী মোদী, শাহ (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী)-কে দেখান। ভ্যানিশ কুমারকে দেখান।’’ তার পরেই তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘‘ওদের আস্তে আস্তে অন্য জায়গায় বসিয়ে দিন।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত