
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): এসআইআর নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেকের লড়াইকে শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে দ্ব্যর্থকন্ঠে সমর্থন জানালেন তৃণমূলের দুই নেত্রী। অন্যদিকে, গান গাইতে গিয়ে গুলিয়ে ফেললেন বাবুল সুপ্রিয়।
বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, নেতা-নেত্রীরা যে লড়াই করছেন, তা সারা ভারতে উদাহরণ হয়ে থাকবে। তিনি মমতা এবং অভিষেকের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘ওঁদের জন্য এই দলে আছি। উনি যখন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন, মুখ্যমন্ত্রী হয়ে মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করেন, তিনি শেখাতে পারেন লড়াই কাকে বলে।’’
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে যাঁরা আজ বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের স্যালুট জানাচ্ছি। মুসলিমদের ভোট বাদ দিয়ে দিলে মমতাকে হারানো যাবে বলেন বিজেপি। ভুল কথা। আমরা আরও লড়াইয়ের শক্তি পাই। এখন সকলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে।’’
‘আমি বাংলায় গান গাই’ গাইতে গিয়ে লাইন ভুল বাবুল সুপ্রিয়ের। সামলে নিয়ে বললেন, ‘‘ভুলে যাইনি, গুলিয়ে গিয়েছে।’’ মোবাইল বার করে আবার সৈকত মিত্রের সঙ্গে গান ধরেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। তাতে যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত