
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হল। এবারও হতাশার বিষয় যে প্রথম ২০ জনের মধ্যে কোনও বাঙালি নেই। মেধা তালিকার ৪১ নম্বর স্থানে রয়েছে এক বাঙালি তরুণী। তাঁর নাম সুদীপা দত্ত।
শুক্রবার ইউপিএসসি তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in এবং upsconline.nic.in-এ সিভিল সার্ভিস পরীক্ষার ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ২৭ ফেব্রুয়ারি সাক্ষাৎকার শেষ হওয়ার পর থেকে প্রার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। আগেই কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ফল প্রকাশের পর প্রার্থীরা ওয়েবসাইটে উপলব্ধ PDF -এ তাদের নাম এবং রোল নম্বর পরীক্ষা করতে পারবেন।
IAS, IFS, IPS এবং বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় গ্রুপ ‘A’ এবং গ্রুপ ‘B’-তে মোট ৯৫৮ জন প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৫ মে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। মূল পরীক্ষা ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। সাক্ষাৎকার নেওয়া শেষ হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত