
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): ‘‘আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি আজ দিদির কাছে এলাম। বললাম, এ রকম যদি হতে থাকে..., সত্যের জয় হোক। এসআইআর যাতে উঠে যায়, ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করছি।’’ শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে তাঁর এই মন্তব্য করেন ধর্মগুরু।
তিনি বলেন, “আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তা সত্ত্বেও আমার নাম বাতিল করা হয়েছে।”
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রকে বেঁধেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “যতদিন তিনি (মমতা) বেঁচে আছেন, ততদিন তিনিই সেরা মুখ্যমন্ত্রী। মমতা আর গণতন্ত্র আজ সমার্থক।”
মঞ্চের কর্মসূচি অনুযায়ী গান পরিবেশন করবেন কবীর সুমন। সুমন ও কবি জয় গোস্বামীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ওঁরা অনেক কষ্ট করে এখানে এসেছেন। ওঁদের উপস্থিতি দেখে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তখনও তাঁরা আন্দোলনের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, শুধু রাজনীতির মানুষ নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরাও এদিন মঞ্চে উপস্থিত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত