
আলিপুরদুয়ার, ৬ মার্চ (হি.স.): রেশন সামগ্রী বন্টনে অনিয়ম ও চুরির অভিযোগে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার মজবিল এলাকা। শুক্রবার সকালে স্থানীয় রেশন ডিলারের দোকানে তালা ঝুলিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের প্রাপ্য আটা ও চাল নিয়মিত দেওয়া হচ্ছে না। পাশাপাশি, যে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে তার গুণমান অত্যন্ত নিম্নমানের এবং তা খাওয়ার অযোগ্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গ্রাহকরা রেশন নিতে দোকানে পৌঁছালে তাঁদের জানানো হয় যে আটা মজুত নেই এবং চালের পরিমাণও অত্যন্ত কম। এর পরেই সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ে। গ্রাহকদের দাবি, যাঁদের মাসে পাঁচটি আটার প্যাকেট পাওয়ার কথা, তাঁদের দেওয়া হচ্ছে মাত্র তিনটি। বাকি দুটি প্যাকেট পরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আর পাওয়া যায় না।
গ্রাহকদের অভিযোগ, বকেয়া আটা আত্মসাৎ করার চক্রান্ত চলছে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ডিলারের প্রতিনিধির মাধ্যমে তড়িঘড়ি একটি ছোট ট্রাকে করে আটার বস্তা আনিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। প্রায় এক ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ দোকানের তালা খোলা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ডিলারের প্রতিনিধি জীবন কুমার সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর দাবি, মাসের সব আটা একসঙ্গে আসে না, কিস্তিতে আসে। কাউকেই কম রেশন দেওয়া হয় না; যদি কারও প্রাপ্য বাকি থাকে, তবে তা পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি