
আগরতলা, ৬ মার্চ (হি.স.) : আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। শুক্রবার সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ এই কথা জানান। তিনি বলেন, ১৩ মার্চ থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ২৫ মার্চ পর্যন্ত।
শুক্রবার বিধানসভায় বিজনেস এডভাইজারি কমিটি (বিএসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই অধিবেশন আহ্বান করেছেন। ১৩ মার্চ রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।
মন্ত্রী রতনলাল নাথ জানান, অধিবেশনের শুরুতেই সম্প্রতি প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তাঁর স্মরণে বিধানসভায় আলোচনা অনুষ্ঠিত হবে এবং এরপর দিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে।
তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট এবং ২০২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট পেশ করবেন। বাজেট নথি উপস্থাপনের পর অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দেবেন।
বাজেট পেশের পরদিন বিধানসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ত্রিপুরায় মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিল, কারিগরি বিশ্ববিদ্যালয় বিল এবং মহিলা বিশ্ববিদ্যালয় বিল।
মন্ত্রী জানান, রাজ্যপালের ভাষণের উপর আলোচনা অধিবেশনের তৃতীয় দিন থেকে শুরু হয়ে দুই দিন চলবে। আগামী ১৯ মার্চ বাজেটের উপর বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা।
২০, ২৩ এবং ২৪ মার্চ বাজেটের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশনের শেষ দিন ২৫ মার্চ বাজেট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিস্তারিত আলোচনার জন্য অধিবেশনে মোট নয়টি কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। বিএসি-এর সকল সদস্যের সর্বসম্মতিতেই এই সূচি চূড়ান্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ