বিলোনিয়ায় বড় ভাইয়ের রডের আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ছোট ভাই
বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মার্চ (হি.স.) : সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে বড় ভাইয়ের রডের আঘাতে গুরুতর জখম হলেন ছোট ভাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুম
হাসপাতালে ভর্তি ছোট ভাই


বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মার্চ (হি.স.) : সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে বড় ভাইয়ের রডের আঘাতে গুরুতর জখম হলেন ছোট ভাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার কে এম আই ইটভাট্টা এলাকায় ঘটেছে। আহতের নাম ভক্ত দাস।

জানা গেছে, দুই ভাই অঙ্কু দাস ও ভক্ত দাস ওই ইটভাট্টাতেই কাজ করেন। বড় ভাই অঙ্কু দাস ইট কাটিংয়ের কাজ করতেন এবং ছোট ভাই ভক্ত দাস ভাট্টার মেশিন চালাতেন। বৃহস্পতিবার গভীর রাতে ইটভাট্টার সামনে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে তা মারপিটে গড়ায়। জানা যায়, দু'জনেই সে সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এক পর্যায়ে বড় ভাই অঙ্কু দাস একটি লোহার রড এনে ছোট ভাই ভক্ত দাসের উপর বেদম প্রহার করেন। রডের আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভক্ত দাস।

খবর পেয়ে তাঁদের এক নিকট আত্মীয় রাত প্রায় দু’টায় ঘটনাস্থলে পৌঁছে আহত ভক্ত দাসকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন।

শুক্রবার জিবিপি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই আত্মীয় জানান, ভক্ত দাসের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়ার কে এম আই ইটভাট্টা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande