
আগরতলা, ৬ মার্চ (হি.স.) : উপরাষ্ট্রপতির দুই দিনের ত্রিপুরা সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী আগরতলা। সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর থেকে ভিআইপি রোড ধরে উপরাষ্ট্রপতির কনভয়ের ট্রায়াল রানও সম্পন্ন করা হয়।
জানা গেছে, শনিবার দুই দিনের সফরে ত্রিপুরায় আসছেন দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ। সেনাবাহিনীর বিশেষ বিমানে তিনি এমবিবি বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রাজ্যের মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা তাঁকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি লোকভবনে যাবেন। শনিবার রাতে রাজ্যপালের উদ্যোগে লোকভবনে উপরাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল থেকেই শুরু হবে উপরাষ্ট্রপতির ব্যস্ত কর্মসূচি। প্রথমেই তিনি রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিনে হাপানিয়ার মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে আয়োজিত ‘লাখপতি দিদি’ সম্মেলনেও উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
এছাড়াও উপরাষ্ট্রপতি উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে দেবীর আশীর্বাদ প্রার্থনা করবেন। সফরকে ঘিরে রাজধানীর ভিআইপি রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রবিবার বিকেলে কর্মসূচি শেষ করে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ত্রিপুরা ত্যাগ করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ