ত্রিপুরার বাঁশ-বেত পণ্যকে বিশ্ববাজারে তুলতে উদ্যোগ, কর্মশালার উদ্বোধন বনমন্ত্রীর
আগরতলা, ৬ মার্চ (হি.স.) : ত্রিপুরার বাঁশ ও বেতজাত সামগ্রীকে দেশ ও বিদেশের বাজারে তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্যের বন দফতর। এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বাঁশের মূল্যায়ন ও বাজারজাতকরণ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধ
আগরতলায় কর্মশালা অনুষ্ঠিত


আগরতলা, ৬ মার্চ (হি.স.) : ত্রিপুরার বাঁশ ও বেতজাত সামগ্রীকে দেশ ও বিদেশের বাজারে তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্যের বন দফতর। এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বাঁশের মূল্যায়ন ও বাজারজাতকরণ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বন, পরিবেশ ও বিজ্ঞান-প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি, ত্রিপুরা ব্যাম্বু মিশনের আধিকারিকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা। জানা যায়, রাজ্যের বাঁশ সম্পদকে কেন্দ্র করে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাঁশের গুণমান মূল্যায়ন, উৎপাদন বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, ত্রিপুরার বাঁশ বিশ্বমানের গুণসম্পন্ন। এই বাঁশ ব্যবহার করে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হলেও এতদিন সেগুলোকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ সীমিত ছিল। বর্তমান সরকার সেই দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাঁশজাত পণ্যের উন্নয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিন কর্মশালা উপলক্ষ্যে বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রীর একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং রাজ্যে উৎপাদিত বাঁশ ও বেতের সামগ্রীর মান ও নান্দনিকতার প্রশংসা করেন।

বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা জানান, সঠিক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ত্রিপুরার বাঁশ ও বেত শিল্প রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তাঁরা আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande