
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বুধবার কলকাতায় রাজপথে নামল এসইউসিআই (কমিউনিস্ট)। চলতি মাসেই দুই দফায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন, আর সেই আবহেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন দলের কর্মী-সমর্থকরা। এদিন দুপুরে বাবুঘাটের লঞ্চঘাট থেকে কয়েক হাজার সমর্থকের বিশাল মিছিলটি যখন কমিশন দপ্তরের দিকে এগোচ্ছিল, তখন মাঝপথেই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ মিছিল আটকালে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বৈধ ভোটারদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মূল ভোটার তালিকার ভিত্তিতেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে হবে। এদিন বিক্ষোভস্থল থেকে আয়োজিত সভায় বক্তারা নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁদের মতে, স্বচ্ছ ও অবাধ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকায় এই ধরনের অসঙ্গতি মেনে নেওয়া যায় না। অবিলম্বে বাদ পড়া নামগুলি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
এদিনের কর্মসূচিতে দলের প্রাক্তন সাংসদ ডা. তরুণ মণ্ডলের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে যান। তবে অভিযোগ উঠেছে যে, কমিশন তাঁদের ডেপুটেশন গ্রহণ করতে অসম্মতি জানিয়েছে। এই ঘটনাকে ‘চরম অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়ে ডা. তরুণ মণ্ডল দাবি করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার বদলে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যে, অবিলম্বে তাঁদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এসইউসিআই (কমিউনিস্ট)। এই বিক্ষোভ কর্মসূচির জেরে এদিন দীর্ঘক্ষণ মধ্য কলকাতার ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত