
দুর্গাপুর, ১ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আবহে পুলিশের ব্যস্ততার মধ্যেই পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় এক নাবালিকার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বনকাটি এলাকার এই ঘটনায় অপহরণের অভিযোগ তুলে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
বুধবার পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকার বয়স প্রায় ১৬ বছর। সে স্থানীয় অযোধ্যা স্কুলের ছাত্রী। অভিযোগ, গত ২৬ মার্চ টিউশনে যাওয়ার পথে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন নাবালিকার বাবা জানান, বহু খোঁজাখুঁজির পরও মেয়ের কোনও সন্ধান না পেয়ে ২৮ মার্চ কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পাঁচ দিন পরও মেয়ের হদিশ না মেলায় উদ্বেগ আরও বাড়ছে পরিবারের।
নাবালিকার বাবার আর্জি, “আমার মেয়েকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনুক পুলিশ। আমরা খুব চিন্তায় আছি।”
এদিকে, নির্বাচনের প্রস্তুতি ও মনোনয়ন প্রক্রিয়া ঘিরে প্রশাসনের ব্যস্ততার মাঝেই এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষা বুলু রায় জানান, বিষয়টি তাঁর জানা রয়েছে এবং পুলিশকে দ্রুত উদ্ধার কার্য চালানোর জন্য বলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নাবালিকার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা