
বনগাঁ, ১ এপ্রিল (হি. স.):- নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বনগাঁ মহকুমা আদালতের একাধিক আইনজীবী। বুধবার বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁ মহকুমা আদালতের বরিষ্ঠ আইনজীবী সহ মোট ১০ জন আইনজীবী বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ এবং বিজেপি প্রার্থী অশোক কীর্তোনিয়া।যোগদানকারী আইনজীবীদের মধ্যে সমীর ঘোষ জানান, তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারি পিপি ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও শৃঙ্খলাহীনতা দেখে তিনি সেই পদ ছেড়ে দেন এবং শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেন।এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া বলেন, এলাকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং বিভিন্ন পেশার মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বড় ব্যবধানে হারানো হবে।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ পাল্টা দাবি করেন, ১০ জন নয়, মাত্র একজন আইনজীবী দল বদল করেছেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলে যোগ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়