পুরুলিয়ার ঘাটবেড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য
পুরুলিয়া, ১ এপ্রিল (হি. স.) :- একদা মাওবাদী উপদ্রুত এলাকা পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামে বুধবার সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গ্রামের তিন বাসিন্দার বাড়ির দরজায় লাল কালিতে লেখা প্রাণনাশের হ
মাও পোস্টার


পুরুলিয়া, ১ এপ্রিল (হি. স.) :- একদা মাওবাদী উপদ্রুত এলাকা পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামে বুধবার সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গ্রামের তিন বাসিন্দার বাড়ির দরজায় লাল কালিতে লেখা প্রাণনাশের হুমকি সংবলিত একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা।গ্রামের বাসিন্দা হলধর মণ্ডল, লক্ষণ মণ্ডল এবং অম্বুজ মণ্ডলের বাড়ির দরজায় এই পোস্টারগুলি লাগানো ছিল। তবে পোস্টারগুলিতে “মাওবাদী” শব্দের বদলে “মাবাদি” লেখা থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পোস্টারগুলিতে এলাকায় অবিলম্বে মদ বিক্রি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।যাদের বাড়িতে পোস্টার পড়েছে, তারা জানিয়েছেন যে আগে তারা চোলাই মদের কারবার করলেও বর্তমানে সেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ফলে এই পোস্টারগুলি আদৌ মাওবাদীদের দেওয়া কিনা, নাকি কেউ ব্যক্তিগত আক্রোশ মেটাতে বা এলাকায় আতঙ্ক ছড়াতে মাওবাদীদের নাম ব্যবহার করেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande