
দুর্গাপুর, ১ এপ্রিল (হি.স.): পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা ঘিরে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে শুরু হল বাকযুদ্ধ। একসময়কার রাজনৈতিক ‘দোস্ত’ নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জীতেন্দ্র তেওয়ারীর লড়াইয়ে বুধবার দেখা গেল তীব্র রাজনৈতিক তরজা।
এদিন ছিল পান্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিজেপি প্রার্থী জীতেন্দ্র তেওয়ারীর মনোনয়ন জমার দিন। দু’জনেই সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন। তবে বিজেপি প্রার্থী জীতেন্দ্র তেওয়ারীর মনোনয়ন যাত্রা ঘিরে তৈরি হয় আলাদা চর্চা। ইচ্ছাপুরে এক দলীয় কর্মীর বাড়ি থেকে ‘মাছ যাত্রা’ করে রওনা দেন তিনি। প্রায় ৫ কেজি ওজনের কাতলা মাছ নিয়ে শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হয় তাঁর প্রচারযাত্রা।
এই ‘মাছ যাত্রা’ নিয়েই কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “নাটক করছে। আমাদের সঙ্গে মানুষ আছে। গোটা পশ্চিম বর্ধমান জুড়ে লড়াই হবে। জেলার সব আসনেই তৃণমূল জয়ী হবে, রাজ্যেও ২০০-র বেশি আসন পাব।”
এর পাল্টা জবাবে জীতেন্দ্র তেওয়ারী বলেন, “মাছের যাত্রা বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সময় থেকে চলে আসছে। মাছ যাত্রা যদি নাটক হয়, বাঙালি সংস্কৃতি যদি নাটক হয়, তাহলে আমি গর্বিত।”
নরেন্দ্রনাথের ২০০ আসন জয়ের দাবি নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, “হয়তো আমেরিকা, বাংলাদেশ বা শ্রীলঙ্কার আসন ধরেই এই হিসাব করা হচ্ছে। তবে পান্ডবেশ্বরের মানুষের বিবেকের উপর আমার ভরসা আছে।”
মনোনয়ন জমা ঘিরে দুই শিবিরের এই তরজা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা