
মালদা, ১ এপ্রিল (হি. স.): নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে জেলায় উত্তেজনা ছড়াল শুটআউটের ঘটনায়। বুধবার বিকেলে মালদহের কালিয়াচক থানার হারুচক এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন এক যুবক। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম এমডি রাহমাতুল্লা সেখ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁর বুকের বাম দিকে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত অপর ব্যক্তিকেও চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান, ব্রাউন সুগার লেনদেন এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই শুটআউটের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়