দক্ষিণ-পূর্ব রেলওয়ের মহাপ্রবন্ধক হিসেবে দায়িত্ব নিলেন সৌমিত্র মজুমদার
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ-পূর্ব রেলওয়ের নতুন মহাপ্রবন্ধক (জিএম) হিসেবে বুধবার কার্যভার গ্রহণ করলেন বরিষ্ঠ আধিকারিক সৌমিত্র মজুমদার। ইতিপূর্বে তিনি এই রেলওয়েতেই অতিরিক্ত মহাপ্রবন্ধক পদে কর্মরত ছিলেন। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্
দক্ষিণ-পূর্ব রেলওয়ের মহাপ্রবন্ধক হিসেবে দায়িত্ব নিলেন সৌমিত্র মজুমদার


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): দক্ষিণ-পূর্ব রেলওয়ের নতুন মহাপ্রবন্ধক (জিএম) হিসেবে বুধবার কার্যভার গ্রহণ করলেন বরিষ্ঠ আধিকারিক সৌমিত্র মজুমদার। ইতিপূর্বে তিনি এই রেলওয়েতেই অতিরিক্ত মহাপ্রবন্ধক পদে কর্মরত ছিলেন। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। সৌমিত্র মজুমদার ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস (আইআরটিএস)-এর একজন দক্ষ আধিকারিক হিসেবে রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

সৌমিত্র মজুমদারের দীর্ঘ পেশাদার জীবনে পূর্ব রেলের প্রধান মুখ্য বাণিজ্যিক প্রবন্ধক (পিসিসিএম), দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য যাত্রী পরিবহন প্রবন্ধক এবং মুখ্য ট্রাফিক পরিকল্পনা প্রবন্ধকের মতো পদে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল—উভয় বিভাগেই মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। রেলের পরিচালনা, বাণিজ্যিক বিষয় এবং জনসংযোগ ও মিডিয়া ব্যবস্থাপনায় তাঁর বিশেষ বুৎপত্তি ও দীর্ঘ অভিজ্ঞতা রেল পরিষেবার মানোন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক কাজের পাশাপাশি সৌমিত্র মজুমদার ক্রীড়া, সংগীত, ভ্রমণ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। তিনি রেলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর আগে তিনি পূর্ব রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। রেলের অন্দরমহলে একজন সুবক্তা এবং দক্ষ প্রশাসক হিসেবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ দক্ষিণ-পূর্ব রেলওয়ের সামগ্রিক ব্যবস্থাপনায় নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande