
হুগলি, ১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালান কমিশনের আধিকারিকেরা। সঙ্গে ছিল পুলিশও। ক্ষুব্ধ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বচসায় জড়ান তল্লাশিকারীদের সঙ্গে।
তল্লাশির সময় ছবিও তুলে রাখা হয়। তন্ময়বাবুর দাবি, এক জন প্রার্থীর গাড়ি বার বার দাঁড় করিয়ে প্রচারে দেরি করিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেখা যাচ্ছে, পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। তিনি বলেন, ‘‘এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। তল্লাশীকারী বলেছেন, আমি আমার কাজ করছি। একবার ঘটলে কাকতালীয় বলে। বার বার হলে সেটা তো কাকতালীয় নয়।’’
তৃণমূল প্রার্থী তন্ময়ের অভিযোগ, সকালে ভোটপ্রচারের জন্য তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন, তখন সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা তল্লাশি হয়। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পিছনের অংশ খুলে তল্লাশি চলে।
তার ঘণ্টাখানেক পর চাঁপদানি বিধানসভা এলাকার চাঁপসরা এলাকা দিয়ে যাওয়ার সময় আবার তাঁর গাড়ি দাঁড় করিয়ে দেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। আবার চলে তল্লাশি। কেন বার বার তল্লাশি? আধিকারিকেরা জানান, তাঁরা তাঁদের কাজ করছেন।
কিন্তু তন্ময়বাবুর অভিযোগ, রাস্তায় অন্য যানবাহন থাকা সত্ত্বেও শুধু তাঁর গাড়িতেই তল্লাশি হয়। আধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন। চাঁপদানিতে গাড়ি থেকে নেমে কমিশনের আধিকারিকের কাছে জানতে চান আবার তল্লাশি কেন? ওই আধিকারিক গাড়িচালকের সঙ্গে কথা বলতে বলতে লিখছিলেন।
তন্ময়বাবুর দাবি, সেই সময় তিনি আবার প্রশ্ন করে বলেন, ‘‘ভাল করে কথা বলুন। চমকাচ্ছেন কাকে? আপনাকে তো আটকাইনি। বার বার তল্লাশি করুন। কিন্তু তৃণমূল প্রার্থী বলেই এই তল্লাশি তো?’’ জবাবে ওই আধিকারিক জানান, তিনি কর্তব্য পালন করছেন মাত্র।
পরে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘বিজেপি ভয় পেয়েছে। সেই জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। গাড়িতে তল্লাশি হোক। তাতে অসুবিধা নেই। কিন্তু শুধু আমার গাড়ি কেন, সেটাই প্রশ্ন।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত