
মুর্শিদাবাদ, ১এপ্রিল (হি.স.): নবগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা। জখম কমপক্ষে ৪৫জন তৃণমূল কর্মী-সমর্থক। বুধবার দুপুরে নবগ্রামের পোমিয়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের সঙ্গে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরেই ঘটে দুর্ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। হাসপাতালের তরফে জানানো হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সূত্রে খবর, ভোলাডাঙা ময়দানে মুখ্যমন্ত্রীর সভা সেরে তৃণমূল সমর্থকদের নিয়ে ফিরছিল বাসটি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর টোল প্লাজ়ার অ্যাম্বুলেন্স। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যার জেরে উদ্ধার কাজে কিছুটা দেরি হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত