
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে দলবদলের প্রবণতা। উন্নয়নমুখী প্রশাসন ও স্থিতিশীলতার দাবিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শাসক দল বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে জনজাতি ভোটারদের একাংশের মধ্যে। এরই প্রতিফলন দেখা গেল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানী এলাকায়।
বুধবার ১১ মহারানী-তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে সাতটি পরিবারের মোট ২৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা নবাগতদের দলে স্বাগত জানান।
নতুন যোগদানকারীরা জানান, দীর্ঘদিন ধরে টিটিএএডিসি প্রশাসনের কাছ থেকে মৌলিক পরিষেবা ও অধিকার থেকে বঞ্চিত থাকার অভিজ্ঞতাই তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাঁদের অভিযোগ, এলাকায় বাস্তব উন্নয়নের অভাব এবং জনমুখী প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় বর্তমান প্রশাসনের উপর মানুষের আস্থা ক্রমশ কমে যাচ্ছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “জনজাতি জনগণ এখন অনেক বেশি সচেতন। তাঁরা বুঝতে পারছেন, শুধুমাত্র আবেগ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য প্রয়োজন সুপরিকল্পিত প্রকল্প এবং তার সঠিক বাস্তবায়ন। কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যেই সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি সমাজের উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং তার সুফল এখন প্রত্যন্ত এলাকাতেও পৌঁছতে শুরু করেছে। পাশাপাশি, আসন্ন টিটিএএডিসি নির্বাচনে ১১ মহারানী-তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়ার জয় সম্পর্কে তিনি আশাবাদী। তাঁর কথায়, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হবেন।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ