
কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্প পত্র’-এর প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুরে এই সঙ্কল্প পত্রের উদ্বোধন করেন শাহ। তাতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্কল্প পত্র প্রকাশ করে জানান, তৃণমূলের ১৫ বছরের শাসনের দুঃস্বপ্ন ঘুচবে। আগামী পাঁচ বছরে বিজেপি সরকার এই রাজ্যে বিকাশের রাস্তা খুলবে। মমতা দিদি ভয়, ভ্রষ্টাচার প্রতিস্থাপিত করেছেন। সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস, বাংলার জনতা আমাদের এখানে পাঁচ বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব।
বিজেপির সঙ্কল্প পত্রে বলা হয়েছে :
অনুপ্রবেশ নিয়ে 'জিরো টলারেন্স নীতি' নেবে বিজেপি। শাহ বলেন, ‘আমরা ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতি নিয়ে চলব।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সপ্তম পে কমিশন লাগু করা হবে।
মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প বাংলায় চালু হবে।
মহিলাদের সুরক্ষার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ নামে বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে। এর পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে।
এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে।
ধান, আলু ও আমচাষে বিশেষ সরকারি সাহায্য করা হবে। কৃষকদের জন্য ফসলের ন্যায্যমূল্য সুনিশ্চিত করা হবে।
রাজ্যের প্রতিটি মৎস্যজীবী ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি রাজ্যকে দেশের অন্যতম মাছ রফতানিকারক রাজ্যে পরিণত করা হবে।
উত্তরবঙ্গে পুরোনো চা বাগানের উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং, পাটশিল্পের আধুনিকীকরণ করা হবে।
ভারতীয় অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। একটি বিশেষ ‘বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে।
অমিত শাহ জানান, তৃণমূলের আমলে দুর্নীতি নিয়ে শ্বেতপত্রও প্রকাশ করা হবে। শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দুর্নীতি এবং বিভাজনর রাজনীতি করেছে ৷ রাজ্য এই সব দেখেছে । কিন্তু বিজেপি আইনের ভরসা দেবে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ