(আপডেট )বৃন্দাবনে যাত্রীবোঝাই নৌকা উল্টে মৃত্যু ১০, শোকপ্রকাশ যোগীর, তৎপর প্রশাসন
মথুরা, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। পঞ্জাবের লুধিয়ানার তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া নৌকাটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বৃন্দাবনে যাত্রীবোঝাই নৌকা উল্টে মৃত্যু ১০, শোকপ্রকাশ যোগীর, তৎপর প্রশাসন


মথুরা, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। পঞ্জাবের লুধিয়ানার তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া নৌকাটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রায় ৩টে নাগাদ বৃন্দাবনের কেশীঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লুধিয়ানা, পঞ্জাব ও মুক্তেশ্বর থেকে প্রায় ১৫০ জনের একটি তীর্থযাত্রী দল বৃন্দাবনে এসেছিল। তাঁদের মধ্যেই কয়েকজন যমুনায় নৌবিহারে বের হলে নৌকাটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, স্থানীয় প্রশাসন ও ডুবুরি দল উদ্ধারকাজে নামে। এখনও পর্যন্ত ১০ জনের বেশি জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থলে বিপুল ভিড় জমে যাওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

মথুরার ডিআইজি শৈলেশ কুমার পাণ্ডে জানান, পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লাগার কারণেই নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানান, স্থানীয় ডুবুরিদের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনাবাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। হাসপাতালগুলিকে সতর্ক রাখা হয়েছে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে এসডিএম জানিয়েছেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠানোই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। ইতিমধ্যেই ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স মাধ্যমে শোকপ্রকাশ করে জানান, এই প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার ওপর জোর দেন তিনি।

উদ্ধারকাজ এখনও জারি রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এই নৌকাডুবির ঘটনায় উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে শোকবার্তায় জানান, মথুরার এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন। পাশাপাশি তিনি জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande