
মথুরা, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে যমুনা নদীতে পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবোঝাই একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ১০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে জোরকদমে উদ্ধারকাজ চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের লুধিয়ানা থেকে আসা ৩২ জন তীর্থযাত্রী শুক্রবার বিকেল প্রায় ৩টে নাগাদ যমুনায় নৌবিহারে বের হন। সেই সময় বৃন্দাবনের কেশীঘাট এলাকায় নৌকাটি পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান শুরু করে।
ডুবুরিদের সাহায্যে এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে নিখোঁজদের খোঁজে সেনাবাহিনীর ডুবুরি দল, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে ভিড় জমে যাওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয় বলে জানা গিয়েছে।
মথুরার ডিআইজি শৈলেশ কুমার পাণ্ডে জানান, পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লাগার ফলেই নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানান, স্থানীয় ডুবুরিদের পাশাপাশি সেনাবাহিনীর ‘স্ট্রাইক ওয়ান’ ফোর্স ও এসডিআরএফ উদ্ধারকাজে নেমেছে। হাসপাতালগুলিকে সতর্ক রাখা হয়েছে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসডিএম জানিয়েছেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠানোই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। ইতিমধ্যেই ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবিতে মৃতদের মধ্যে রয়েছেন পিঙ্কি, আশা রানি, কবিতা, মীনু, অঞ্জু, রিঙ্কেশ গুলাটি, চরণজিৎ, মধুর বহল ও ঈশান কাটেরিয়া—যাঁদের বেশিরভাগই লুধিয়ানা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বাকি নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার খবর পেয়ে মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী, বিধায়ক রাজেশ চৌধুরী, কমিশনার নগেন্দ্র প্রতাপ, এডিজি অনুপম কুলশ্রেষ্ঠ, ডিআইজি শৈলেশ পাণ্ডে, ডিএম চন্দ্রপ্রকাশ সিং-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির পর্যালোচনা করেন।
দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য জেলা প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর ০৫৬৫-২৪০৩২০০ চালু করা হয়েছে। এছাড়াও একাধিক আধিকারিকের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে জানান, এই প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছেন।
উদ্ধারকাজ এখনও জারি রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, এই নৌকাডুবির ঘটনায় উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে শোকবার্তায় জানান, মথুরার এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন। পাশাপাশি তিনি জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য