
কাঙ্কের, ১০ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু–সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টার দিকে নাথিয়া নাভাগাঁওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। উদাকুডা এলাকার একটি পরিবার চিবরঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফিরছিল। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুইটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন মহিলা, ২ জন পুরুষ ও ১ শিশুর মৃত্যু হয়। অন্য গাড়ির ৩ জন আরোহী গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিন কাঙ্কের জেলার পুলিশ সুপার নিখিল রাখেচা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য