
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়ায় হরিবংশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, হরিবংশ সাংবাদিকতা ও জনজীবন— দুই ক্ষেত্রেই অমূল্য অবদান রেখেছেন। তিনি একজন বিশেষ্ট বুদ্ধিজীবী ও চিন্তাবিদ। তাঁর গভীর চিন্তাভাবনা ও অন্তর্দৃষ্টি গত কয়েক বছরে সংসদের কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। মাননীয় রাষ্ট্রপতি তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করায় আমি আনন্দিত। আগামী দিনে সংসদে তাঁর কাজের জন্য অনেক শুভেচ্ছা রইলো
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করেছেন। একজন মনোনীত সদস্যের অবসরের কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য সংবিধানের বিধান অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে হরিবংশের মেয়াদ বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেষ হয়েছে। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর রাজ্যসভা থেকে অবসরের কারণে সৃষ্ট শূন্যপদে হরিবংশকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬৯ বছর বয়সি হরিবংশ বিহারের প্রতিনিধিত্ব করে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর দু'বারের মেয়াদ পূর্ণ করেছেন। তিনি উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুনরায় রাজ্যসভায় মনোনীত হওয়ায় ২০৩২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য থাকবেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ