
নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিবংশ নারায়ণ সিংকে রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে নিযুক্ত করেছেন। মনোনীত সদস্যের অবসরজনিত কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের জন্য সংবিধানের বিধান অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর অবসরের পর যে আসনটি শূন্য হয়েছিল, সেই আসনেই ৬৯ বছর বয়সি হরিবংশকে মনোনীত করা হয়েছে। তিনি বিহার থেকে দু’দফায় রাজ্যসভার সদস্য ছিলেন এবং উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন মনোনয়নের ফলে তিনি ২০৩২ সাল পর্যন্ত উচ্চকক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সংসদ ভবনে উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণনের উপস্থিতিতে হরিবংশ নারায়ণ সিং এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীজগৎ প্রকাশ নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
হরিবংশ নারায়ণ সিং দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং এক হিন্দি দৈনিকের প্রধান সম্পাদক হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেন। পরবর্তীতে তিনি জনতা দল (ইউনাইটেড)-এর সঙ্গে যুক্ত হয়ে ২০১৪ সালে বিহার থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, ২০১৮ সালের ৯ আগস্ট তিনি রাজ্যসভার উপ-সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর পুনরায় সেই পদে নির্বাচিত হন। সংসদে তাঁর শান্ত, সংযত ও ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
সংবিধান অনুযায়ী, শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন। সেই প্রেক্ষিতেই হরিবংশের এই মনোনয়ন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হরিবংশ নারায়ণ সিংকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, হরিবংশ সাংবাদিকতা ও জনজীবন— দুই ক্ষেত্রেই অমূল্য অবদান রেখেছেন। তিনি বলেন, দেশের অন্যতম অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে হরিবংশ নারায়ণ সিং দীর্ঘদিন ধরে জনজীবন ও সংসদীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিহারের উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয় এবং সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সর্বত্র স্বীকৃত। পূর্বে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, হরিবংশ নারায়ণ সিংয়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংযত নেতৃত্ব সংসদের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। রাজ্যসভার নতুন মেয়াদে তাঁর সফলতা কামনা করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অন্যদিকে, নীতীশ কুমারকেও শপথগ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের অন্যতম অভিজ্ঞ রাজনৈতিক নেতা এবং সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সর্বত্র প্রশংসিত। ভবিষ্যতেও দেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য