
অযোধ্যা, ১০ই এপ্রিল (হি.স): পুণ্যার্থী দর্শনের কথা মাথায় রেখে আবারও খোলা হচ্ছে উত্তর প্রদেশের রাম জন্মভুমি । অযোধ্যা মন্দির সংলগ্ন পারকোটা, শেষাবতার মন্দির, সপ্ত মন্দির এবং কুবের টিলাস্থিত সব মন্দির সোমবার ১৩ এপ্রিল থেকে খুলে দেওয়া হবে সর্বসাধারণের দর্শনের জন্য। সেই উদ্দেশ্যে শুক্রবার থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে শুরু হলো অনলাইন বুকিং পদ্ধতি ।
এদিন অযোধ্যা মন্দির কর্তৃপক্ষের এক সদস্য গোপাল রাও জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু করা হলো অনলাইন বুকিং প্রক্রিয়া। এক্ষেত্রে সুগম দর্শন, বিশিষ্ট দর্শন এবং সাধারণ দর্শন - মোট তিনধরণের পাসের ব্যবস্থা থাকবে। প্রতিটি দুই ঘণ্টার স্লটে সর্বোচ্চ ১,৫০০ জন পুণ্যার্থী মন্দির দর্শনের সুযোগ পাবেন। বিশেষভাবে সক্ষমদের জন্যও মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক