অসমে মামলা : পবন খেড়াকে এক সপ্তাহের অগ্ৰিম জামিন মঞ্জুর তেলেঙ্গানা হাইকোৰ্টের
গুয়াহাটি , ১০ এপ্রিল (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার আসাম ক্রাইমব্রাঞ্চে দায়েরকৃত এক এফআইআর-এর ভিত্তিতে রুজু মামলায় কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে এক সপ্তাহের জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকো
তেলেঙ্গানা হাইকোৰ্ট ও পবন খেড়া (ফাইল ফটো)


গুয়াহাটি , ১০ এপ্রিল (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার আসাম ক্রাইমব্রাঞ্চে দায়েরকৃত এক এফআইআর-এর ভিত্তিতে রুজু মামলায় কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে এক সপ্তাহের জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোৰ্ট।

আজ শুক্রবার তেলেঙ্গানা হাইকোৰ্টের বিচারপতি সুজানা কালাসিকাম পবন খেড়ার জামিন আবেদনের শুনানিকালে অন্তর্বর্তীকালীন এক সপ্তাহের স্বস্তি প্রদান করেছেন। আদালত তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার উপযুক্ত আদালতে যাওয়ার সময় দিয়েছে।

শুনানিকালে বিচারপতি সুজানা কালাসিকাম মন্তব্য করেছেন, ‘আবেদনকারীকে সংশ্লিষ্ট আদালতে আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য তাঁকে এই স্বস্তি দেওয়া হলো।’

পবন খেড়ার বিরুদ্ধে গুয়াহাটিতে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতা-র বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। প্রযোজ্য ধারাগুলি যথাক্রমে ১৭৫ (নির্বাচনের সঙ্গে সম্পর্কিত মিথ্যা বিবৃতি), ৩৫ (ব্যক্তি ও সম্পত্তির আত্মরক্ষার অধিকার) এবং ৩১৮ (প্রতারণা)

প্ৰসঙ্গত, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে গত ৫ এপ্রিল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া। ওই অভিযোগকে খণ্ডন করে গত ৬ এপ্রিল কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন রিনিকি ভূঞা শর্মা। তাঁর বিরুদ্ধে কংগ্রেস নেতা যে অভিযোগ তুলেছেন, তা সর্বৈব মিথ্যা, বলেছেন মামলাকারিণী রিনিকি। মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রিনিকির বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও শক্তিশালী ইস্যু না থাকায় তাকে ‘সফট টার্গেট’ করে আক্রমণ করা হচ্ছে।

এদিকে রিনিকি ভূঞা শর্মার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আসাম পুলিশ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় এক মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে গত ৭ এপ্ৰিল আসাম পুলিশের একটি দল দিল্লিতে পবন খেরার বাসভবনে গিয়েছিল। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। ৮ এপ্রিল তিনি অগ্রিম জামিনের আবেদন জানিয়ে তেলেঙ্গানা হাইকোৰ্টের দ্বারস্থ হয়েছিলেন।

তেলেঙ্গানা হাইকোৰ্টের আজকর অন্তর্বর্তী সুরক্ষার ফলে এক সপ্তাহের মধ্যে অসমের উপযুক্ত আদালতে অগ্রিম জামিনের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন খেড়া। এই সময়ের মধ্যে আদালতের শর্তসাপেক্ষে তাঁকে গ্রেফতার করা হবে না। অসমের উপযুক্ত আদালতে আবেদন করার পর এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande