
লখনউ, ১০ এপ্রিল (হি.স.) : দীর্ঘ ১৬৬ দিনের এসআইআর প্রক্রিয়া শেষে উত্তর প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া শুক্রবার লখনউয়ে সাংবাদিক বৈঠকে এই তালিকা প্রকাশ করেন।
নতুন তালিকা অনুযায়ী, উত্তর প্রদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। আগের তুলনায় ভোটার বেড়েছে ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭। এর মধ্যে পুরুষ ভোটার ৭ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৬১, মহিলা ভোটার ৬ কোটি ৯ লক্ষ ৯৫২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪,২০৬ জন। এছাড়া ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০। মোট ভোটারের মধ্যে ৫৪.৫৪ শতাংশ পুরুষ এবং ৪৫.৪৬ শতাংশ মহিলা ভোটার।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুনর্বিবেচনা প্রক্রিয়ায় বিভিন্ন কারণে ৮ লক্ষ ১৫ হাজার ৯৯৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ৪৩৬ জনের ক্ষেত্রে নোটিসের পরও সন্তোষজনক উত্তর না পাওয়ায় নাম বাতিল করা হয়েছে।
রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বৃদ্ধি হয়েছে কয়েকটি জেলায়—
প্রয়াগরাজ: ৩.২৯ লক্ষ বৃদ্ধি
লখনউ: ২.৮৫ লক্ষ বৃদ্ধি
বরেলি: ২.৫৭ লক্ষ বৃদ্ধি
গাজিয়াবাদ: ২.৪৩ লক্ষ বৃদ্ধি
জৌনপুর: ২.৩৭ লক্ষ বৃদ্ধি
বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সাহিবাবাদ, জৌনপুর, লখনউ পশ্চিম এবং ফিরোজাবাদে সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
৬ জানুয়ারি প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পর ৬ মার্চ পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হয়। এই সময়ে প্রায় ৮৬.৬৯ লক্ষ আবেদন (ফর্ম-৬) জমা পড়ে নতুন নাম অন্তর্ভুক্তির জন্য এবং ৩.১৮ লক্ষ আবেদন (ফর্ম-৭) জমা পড়ে নাম বাদ দেওয়ার জন্য।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, যাঁদের নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁরা ফর্ম-৬ জমা দিয়ে পরবর্তীতেও নাম যোগ করতে পারবেন।
প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল— বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বিএসপি—সহ অন্যান্য দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। বুথ স্তরেও এজেন্টদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
ভোটকুশলীদের মতে, এত বড় আকারে ভোটার তালিকার সংশোধন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব আসনে লড়াই হাড্ডাহাড্ডি, সেখানে কয়েক হাজার ভোটারের হেরফেরই ফলাফল বদলে দিতে পারে। ফলে রাজনৈতিক দলগুলিও এই চূড়ান্ত তালিকার দিকে কড়া নজর রাখছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য