
কাটোয়া, ১১ এপ্রিল (হি.স.): তৃণমূলের দুর্নীতির দোকান বন্ধ করে দেবে বিজেপি, পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বাস দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, বিজেপির প্রতি বাংলার মানুষের ভালোবাসা দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণেই তারা আপনাদের মিথ্যা বলছে। তৃণমূল বলছে, বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ হবে, ওই প্রকল্প বন্ধ হবে। আসল সত্যিটা হলো, বিজেপি কিছুই বন্ধ করবে না। বিজেপি শুধু দুর্নীতির দোকান বন্ধ করবে, তাদের লুটপাট বন্ধ করবে।
প্রধানমন্ত্রী এও বলেন, পশ্চিমবঙ্গ বিজেপি কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। বাংলার কৃষকেরা ডাবল ইঞ্জিন সরকারের দ্বিগুণ সুবিধা পাবেন। তাঁরা পিএম কিষাণ সম্মান নিধির অধীনে ৯,০০০ টাকা, কেন্দ্র থেকে ৬,০০০ টাকা এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাছ থেকে ৩,০০০ টাকা পাবেন। মোদী বলেন, পশ্চিমবঙ্গ বিজেপি মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা অনুদান ঘোষণা করেছে। বিজেপি শাসনে বাংলার বোনেরা ও মেয়েরা যে কোনও সময় যে কোনও জায়গায় ভ্রমণ করতে পারবেন। বিজেপি সরকার মানেই মহিলাদের সুরক্ষার সম্পূর্ণ নিশ্চয়তা। নিষ্ঠুর তৃণমূল সরকার এবং বিজেপি সরকারের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য।
এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, পশ্চিমবঙ্গের সকল স্থায়ী সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের সম্পূর্ণ সুবিধা পাবেন। যেদিন বিজেপির কোনও মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হবে। এটাই মোদীর গ্যারান্টি। লক্ষ লক্ষ পরিবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ