
কাটোয়া, ১১ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি। নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ এবার পরিবর্তনের জন্য তৈরি।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, বিজেপি পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। গতকালই পশ্চিমবঙ্গ বিজেপি নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করেছে। এতে আমার দেওয়া ৬টি নিশ্চয়তা বাস্তবায়নের একটি রূপরেখা রয়েছে। এই চমৎকার ইস্তেহারের জন্য আমি আমার পশ্চিমবঙ্গের সকল বিজেপি সহকর্মীকে অভিনন্দন জানাই। মোদীর নিশ্চয়তা হলো তৃণমূলের নির্মম সরকারের ভয়কে আস্থায় রূপান্তরিত করা। আর এই নিশ্চয়তা কীভাবে পূরণ করা হবে... তার সম্পূর্ণ নীলনকশা বিজেপির ইস্তেহারে রয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূলের ১৫ বছরের শাসন বাংলার প্রতিটি নাগরিক ও প্রতিটি পরিবারের মনে কেবল ভয়ই এনেছে। এই নির্বাচন সেই ভয় দূর করার জন্য। আমাদের এমন এক বাংলা গড়তে হবে যা তৃণমূলের ভয়মুক্ত এবং বিজেপি-র আস্থায় পরিপূর্ণ। একটি উন্নত বাংলার পথে এটাই হবে আমাদের প্রথম পদক্ষেপ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ