


কলকাতা, ১২ এপ্রিল ( হি. স): ‘রক্তদান জীবনদান’—এই আদর্শকে সামনে রেখে রবিবার দক্ষিণ কলকাতার লেক গার্ডেনস এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ‘পূর্বাঞ্চল জনকল্যাণ সমিতি’। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের সূচনা করেন সমিতির সভাপতি ললিত টোদি এবং প্রবীণ সদস্য মোহনলাল টিব্রেওয়াল। অনুষ্ঠানে পবন কুমার, সুজাতা দেশাই-সহ সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদানের আগে প্রত্যেক দাতার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সমিতির সদস্য পবন কুমার জানান, দুপুর পর্যন্ত প্রায় ৭০ জন রক্তদাতা তাঁদের নাম নথিভুক্ত করেছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে তাঁরা আশাবাদী।
এপ্রিল-মে মাসে রক্তদান শিবির আয়োজনের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করে পবন কুমার বলেন, এই সময়ে নির্বাচনের ব্যস্ততার কারণে অনেক ক্লাব বা সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না। ফলে শহরের হাসপাতালগুলোর ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়। সেই সংকট মেটাতেই আমাদের এই উদ্যোগ। তিনি আরও জানান, এম আর বাঙ্গুর হাসপাতালের পক্ষ থেকে তাঁদের কাছে এই শিবিরের জন্য অনুরোধ রাখা হয়েছিল। বিশেষত, চিকিৎসাবিদ্যার পড়ুয়াদের এই সেবাযজ্ঞে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে সমিতি।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক