এপ্রিলেও শীতের দাপট হিমাচলে, তুষারপাত ও বৃষ্টিতে নামল পারদ; ১৭–১৮ এপ্রিল ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা
শিমলা, ১২ এপ্রিল (হি.স.) : এপ্রিল মাসেও শীতের প্রকোপ কমছে না হিমাচল প্রদেশে। তুষারপাত, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে ফের নেমে এসেছে পারদ। রবিবার আবহাওয়া দফতর ১৭ ও ১৮ এপ্রিল রাজ্যের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনায
এপ্রিলেও শীতের দাপট হিমাচলে, তুষারপাত ও বৃষ্টিতে নামল পারদ; ১৭–১৮ এপ্রিল ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা


শিমলা, ১২ এপ্রিল (হি.স.) : এপ্রিল মাসেও শীতের প্রকোপ কমছে না হিমাচল প্রদেশে। তুষারপাত, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে ফের নেমে এসেছে পারদ। রবিবার আবহাওয়া দফতর ১৭ ও ১৮ এপ্রিল রাজ্যের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে।

রাজ্যের উচ্চ পার্বত্য এলাকাগুলিতে তাজা তুষারপাত হয়েছে। বিশেষ করে অটল টানেল রোহতাং, কিন্নর, লাহুল-স্পিতি, , কুল্লু এবং চম্বা জেলার উঁচু এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি তুষারপাত নথিভুক্ত হয়েছে। তুষারপাতের ফলে লাহুল-স্পিতির জেলাসদর কেলং-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় -০.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এপ্রিল মাসে শীতের তীব্রতা স্পষ্ট করছে।

অন্যদিকে রাজ্যের বিভিন্ন অংশে রাতভর বৃষ্টিপাত হয়েছে। সারাহানে ২৫.৩ মিমি, মানালিতে ১১ মিমি, কাংরায় ১০ মিমি, পালামপুরে ৫.২ মিমি, ধর্মশালায় ৪.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি চম্বা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে, যার ফলে কিছু সময়ের জন্য স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

তবে রবিবার রাজ্যের অধিকাংশ এলাকায় আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং রোদ উঠেছে। শিমলা ও মানালিতে সকাল থেকেই রোদের উষ্ণতা মিলেছে, ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। নীচু এলাকাগুলিতে হালকা গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকবে। তবে ১৬ এপ্রিল থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পাহাড়ি অঞ্চলে ফের বৃষ্টি ও তুষারপাত শুরু হতে পারে।

১৭ ও ১৮ এপ্রিল রাজ্যের কিছু অংশে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে উচ্চ পার্বত্য এলাকায় পুনরায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম রয়েছে। ফলে এপ্রিল মাসেও হিমাচলের আবহাওয়া এখনও শীতের আমেজই ধরে রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande