
সন্দেশখালি, ১২ এপ্রিল (হি. স) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল। মা ও তাঁর শিশুকন্যাকে খুনের পর তাঁদের দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার সকালে বাড়ির ভিতর রাখা একটি ট্রাঙ্ক থেকে গৃহবধূ ও তাঁর একরত্তি মেয়ের আধপোড়া ও অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুনীতা মাইতি এবং শুদ্ধি মাইতি। তাঁরা সন্দেশখালির মণিপুর এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তাঁরাই পুলিশে খবর দেন। রবিবার সকালে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে প্রথমে তাঁদের শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে প্রমাণ লোপাটের জন্য ট্রাঙ্কে ভরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
ঘটনার পর থেকেই মৃতার স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে কেবল পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে মৃতার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই শিউরে উঠছেন এলাকার মানুষ। গোটা এলাকা বর্তমানে থমথমে হয়ে রয়েছে এবং নতুন করে কোনও অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি